ধুলিয়ান টিভি ডেস্ক:- বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবেন আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন AIMIM সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি। এবার সেই লক্ষ্যে বাংলায় কাজ করা শুরু করে দিল তাঁর দল। মুর্শিদাবাদ থেকে ইতিমধ্যে মিমের একটি প্রতিনিধি দল হায়দরাবাদে যায়। সেখানে আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে দেখা করেন তাঁরা। বাংলার ভোটের রণনীতি নিয়ে বৈঠকও হয় বলে খবর। জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনে বাংলায় অন্তত ১০০টির বেশি আসনে প্রার্থী দিতে চলেছে মিম।
১০০টির বেশি আসনে প্রার্থী দিতে চায় মিম
এদিন মুর্শিদাবাদের মিম নেতা আসাদুল শেখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হায়দরাবাদে যান। সেখানে বেশ কিছুক্ষণ বৈঠক হয় ওয়েইসির সঙ্গে। এই বৈঠক সম্পর্কে আসাদুল শেখ জানান, ২০২১ সালে বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রায় ১০০টির বেশি আসনে প্রার্থী দেবে ওয়েইসির দল। সেইসঙ্গে তারা পাখির চোখ করেছে মুর্শিদাবাদ জেলাকে। এই জেলার ২২টি বিধানসভা আসনের মধ্যে অন্তত ১৮টি সিটে প্রার্থী দিতে চলেছে মিম। বিধানসভা ভোটের লক্ষ্যকে সামনে রেখে ঘর গোছাতে শুরু করেছে মিম নেতারা। জানা যাচ্ছে, এবার বাংলা সফরে আসতে পারেন আসাদউদ্দিন ওয়েইসি নিজেই।