ধুলিয়ান টিভি ডেস্ক:- বিজেপি ছেড়ে নেতাকর্মীদের তৃণমূলে যোগদান যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শুধু নেতাকর্মীই কেন, বিজেপি বিধায়ক-প্রাক্তন মুখপাত্ররাও নাম লেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। এবার তৃণমূলের কোপ পড়ল খাস বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্র খগড়পুরে। দিলীপ বাবুর ‘ডানহাত’-সহ আরও তিন দাপুটে বিজেপি নেতা ও বহু কর্মী এদিন যোগ দেন তৃণমূলে। যা বিজেপির কাছে নিঃসন্দেহে চিন্তার বিষয় হয়ে দাঁড়াল।
বুধবার খড়গপুরের চার প্রভাবশালী বিজেপি নেতা কলকাতার তৃণমূলে ভবনে এসে দলবদল করেন। তাঁরা হলেন সংসদ প্রতিনিধি কমিটির সদস্য রাজদীপ গুহ, বিজেপির খড়গপুর উত্তর মণ্ডল প্রাক্তন সভাপতি অজয় চট্টোপাধ্যায়, খড়গপুরে বিজেপির শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন্দ্র সিং ও খড়গপুরের হেভিওয়েট বিজেপি নেতা সজল রায়। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
ওই যোগদানের পর চন্দ্রিমা দেবী বলেন, ‘দিলীপ বাবুর গড় ঝুরঝুর করে ভেঙে পড়ছে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খড়গপুরে বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না। পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু মানুষ গত লোকসভা ভোটে আমাদের সমর্থন করেননি। এখন তাঁরা আমাদের দলে যোগ দিচ্ছেন। বিজেপির উপর থেকে মানুষের আস্থা উঠে গিয়েছে।’ এখানেই না থেমে তাঁর সংযোজন, ‘বাংলার মানুষকে বিজেপি প্রতিনিয়ত অপমান করে চলেছে। আসন্ন নির্বাচনে আমাদের তাই আগের থেকে বেশি সমর্থন করবে মানুষ।’